মন্ত্রীর উপস্থিতিতে এসআইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং স্থানীয় সাংসদ এম এ মালেকের উপস্থিতিতে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের ওপর আওয়ামী লীগের এক নেতা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
ধামরাই থানা সূত্রে জানা গেছে, ঢাকা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ওই হামলা চালান। ওই থানার একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, পুলিশের কাজে বাধা দানের পাশাপাশি আসামি ছাড়িয়ে নিতে তদবির করা এবং তদবির না শুনলে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে সোমবার বেলা সাড়ে তিনটায় সভাস্থলে উপস্থিত হন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর আগে থেকেই মিজানুর রহমান তাঁর লোকজন নিয়ে মঞ্চ দখল করে দাঁড়িয়েছিলেন। মন্ত্রী মঞ্চে ওঠার সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এসআই আবুল বাশার মিজানুর রহমানকে লোকজনসহ মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। তখন ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান আবুল বাশারের ওপর চড়াও হন।
আবুল বাশার বলেন, মন্ত্রীর উপস্থিতিতেই মিজানুর রহমান তাঁকে মারতে তেড়ে আসেন এবং তাঁর কলার ধরে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে তাঁকে সজোরে ধাক্কা মেরে মঞ্চের ওপর ফেলে দেওয়ার চেষ্টা করেন। ওই নেতা তাঁর কোমড়ে থাকা পিস্তল ধরেও টানাহেঁচড়া করেন এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেলেন। ঘটনার পরপরই তিনি মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি ওই দিন মামলা হিসেবে গ্রহণ করার কথা, গতকাল পর্যন্ত তা হয়নি। আবুল বাশার বলেন, মিজানুর রহমানের এলাকাসহ আশপাশের এলাকার কোনো আসামি গ্রেপ্তার করা হলে তিনি তদবির করতে আসেন। এবং ছেড়ে না দিলে তিনি পুলিশ কর্মকর্তাদের গালিগালাজ করেন।
এসব অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে কয়েক দফায় ফোন দেওয়া হলে মিজানুর রহমান তা ধরেননি। ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সোমবারের ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়। কিন্তু মন্ত্রীর অনুরোধে তাৎক্ষণিকভাবে তাঁকে গ্রেপ্তার করা যায়নি। ওপর মহলের চাপে গতকাল পর্যন্ত মামলা নেওয়া সম্ভব হয়নি বলে জানান ওসি।