মন্ত্রীর এপিএসের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিবের নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে আমেনা আক্তার (২২) নামের এক নারী জাকির হোসেন (৪০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে আখাউড়া থানায় এ অভিযোগে মামলা করেন। রাতেই জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

জাকির হোসেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের রাজমঙ্গলপুর গ্রামের বাসিন্দা। তাঁকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকির হোসেন এলজিইডির নবীনগর উপজেলায় অফিস সহকারী। তিনি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে আমেনা আক্তারের দূরসম্পর্কের আত্মীয়। আমেনা স্থানীয় একটি কলেজে ডিগ্রি পর্যায়ে পড়াশোনা করেন। বছর খানেক আগে আমেনাকে এলজিইডিতে কার্যসহকারী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। তবে এ জন্য ৭ লাখ টাকা দাবি করেন তিনি।

আমেনা আক্তার গত বছরের ১৪ অক্টোবর তাঁর গ্রামের তিন ব্যক্তিকে সঙ্গে নিয়ে জাকির হোসেনের বাড়িতে গিয়ে ১ লাখ টাকা দেন। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেন আরও ৫ লাখ ৮০ হাজার টাকা। এ টাকা পাওয়ার পর জাকির হোসেন তাঁকে একটি নিয়োগপত্র দেন। রাঙামাটির জুরাইছুড়ি উপজেলায় এলজিইডিতে কার্যসহকারী পদের জন্য এ নিয়োগপত্র দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারি জাকির হোসেনকে সঙ্গে নিয়ে আমেনা রাঙামাটিতে যান। সেখানে গিয়ে নিয়োগপত্রটি কৌশলে ছিঁড়ে ফেলেন জাকির। আমেনাকে বাড়িতে ফিরে আসেন। পরে আমেনার পরিবার নিয়োগপত্রটি ভুয়া ছিল বলে বুঝতে পেরে মনিয়ন্দ ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। গত শুক্রবার রাতে আমেনা বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান কামাল ভূঁইয়া বলেন, ‘আইনমন্ত্রীর এপিএসের নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। নোটিশ করার পর জাকির হোসেন এসে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছে। এ পর্যন্ত কিছু টাকা ফেরত দিয়েছে।’

জাকির হোসেন বলেন, তিনি টাকা ফেরত দিয়ে দেবেন।

আমেনা আক্তার বলেন, জাকির হোসেন টাকা দেব, দিচ্ছি করে ঘুরাচ্ছেন। এখন ফোনও আর ধরছেন না।

থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার ভূঁইয়ার নাম ভাঙিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।