মন্ত্রীর নির্দেশের পরও সরেনি আবর্জনার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে আবর্জনার স্তূপ। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্নœ ঘটছে। গতকাল ​তোলা ছবি l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে আবর্জনার স্তূপ। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্নœ ঘটছে। গতকাল ​তোলা ছবি l প্রথম আলো

মন্ত্রীর নির্দেশের চার দিনেও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করা হয়নি। গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৪ ঘণ্টার মধ্যে ওই ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নির্দিষ্ট স্থান না থাকায় আশপাশের গ্রামের মানুষ ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচাবাজারসহ বিভিন্ন পণ্যের বিক্রেতারা প্রতিদিন মহাসড়কের ঢালুতে ময়লা-আবর্জনা ফেলেন। পরিমাণ বেশি হওয়ায় ধীরে ধীরে ময়লার স্তূপ মহাসড়কের ওপর এসে পড়ে।
ট্রাফিক পুলিশের সদস্যরা বলেন, ময়লা-আবর্জনার ওই স্তূপ মোগরাপাড়া চৌরাস্তায় প্রতিদিনের যানজটের প্রধান কারণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে বারবার নিষেধ করার পরও তারা ওই স্থানে ময়লা ফেলে মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। ময়লা-আবর্জনা অপসারণ করার সব প্রস্তুতি আমরা নিয়েছি। দু-এক দিনের মধ্যেই ময়লা আর থাকবে না।’
তবে জৈনপুর গ্রামের বাসিন্দা ডালিম প্রধান বলেন, দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কের ওপর ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ কিংবা পরিষ্কার রাখার কোনো সংস্থা নেই। ময়লা-আবর্জনা যাতে সড়কের ওপর না ফেলা হয়, স্থানীয় প্রশাসন ও সওজের কর্মকর্তারা কাউকে নিষেধ করতেও শোনা যায়নি।
একই গ্রামের নোয়াব প্রধান বলেন, সড়কের ওপর ময়লা-আবর্জনার দুর্গন্ধে লোকজন চলাচল করতে পারছে না। এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার ওবায়দুল কাদের মহাসড়কের যানজট পরিস্থিতি দেখতে এসে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের ওই ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করার নির্দেশ দেন। সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় মন্ত্রী নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকির আলমকে বলেন, ‘দায়িত্ব পালন না করলে সরে দাঁড়ান নতুবা সরকার দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হওয়ার কারণে আপনাকে অব্যাহতি দিতে বাধ্য হবে।’ মন্ত্রীর নির্দেশের চার দিন পার হলেও ময়লা সরাতে কেউ উদ্যোগ নেয়নি।
জাকিরুল আলম বলেন, ‘মন্ত্রীর নির্দেশের পরও আমাদের দেরি হওয়ার কারণ প্রয়োজনীয় জনবল ও এক্সকাভেটর না পাওয়া। দু-এক দিনের মধ্যে ময়লা সরানোর চেষ্টা করা হবে।’