সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বেঁধে দেওয়া দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটির সংস্কার হয়নি।
সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। ঘোড়াশাল ও ডাঙ্গা এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান ও পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলায় যোগাযোগের জন্য আঞ্চলিক এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির প্রায় সব অংশের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দেড় হাজার মিটার সড়ক একেবারে যান চলাচলের অনুপযোগী।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় স্থানীয় লোকজন মন্ত্রীর কাছে সড়কটি সংস্কারের দাবি জানান। মন্ত্রী তাৎক্ষণিকভাবে তৎকালীন নরসিংদী সওজের নির্বাহী প্রকৌশলী সালমা আক্তারকে সাত দিনের সময় বেঁধে দিয়ে সড়কটি সংস্কারে নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর সওজ বিভাগ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে কাজ করার নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি গত ৩০ সেপ্টেম্বর পাঁচদোনা মোড় থেকে মাত্র ১৪০ মিটার সড়ক ইট বিছিয়ে সংস্কারকাজ শুরু করলেও পরে তা থেমে যায়। অন্যটি ঘোড়াশাল এলাকায় সড়কে ২০০ মিটার কাজ করে লাপাত্তা হয়ে যায়।
গত বুধবার দুপুরে সড়ক ঘুরে দেখা যায়, অত্যন্ত ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এর মধ্যে পাঁচদোনা মোড় থেকে সৈকাদি মোড়, সৈকাদি মোড় থেকে কাগশিয়া মোড় পর্যন্ত বিচ্ছিন্নভাবে প্রায় ৫০০ মিটার যান চলাচলের অনুপযোগী। অপর দিকে ডাঙ্গা থেকে ঘোড়াশাল সড়কের পূবালী পাটকল, বাংলাদেশ পাটকল, প্রাণ-আরএফএল কারখানা ও ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে প্রায় এক হাজার মিটার সড়কে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তে যান চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচলও দুঃসাধ্য কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, সড়ক উন্নয়নের কাজগুলো ঠিকাদারদের ওপর চাপিয়ে দেওয়া হয়। এসব কাজে শুধু লোকসান হয়। যেমন এক বর্গমিটার সড়কে ইট, বালু ও শ্রমিক বাবদ খরচ হয় প্রায় ১১০০ টাকা। কিন্তু সওজের মূল্য ধরা আছে ৯৬৭ টাকা। এ অবস্থায় কাজ এগিয়ে নেওয়া যায় না।
ডাঙ্গা এলাকার জাকির হোসেন বলেন, মন্ত্রী এলে কর্মকর্তারা তৎপর হন, আর চলে গেলে সব বন্ধ করে দেন। মন্ত্রী যান চলাচলের উপযোগী করতে সাত দিনের সময় বেঁধে সংস্কারের নির্দেশ দিয়ে গেছেন। এর পরও কাজ হয়নি।
এ ব্যাপারে নরসিংদী সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘সড়ক সংস্কার একটি ধীরগতির কাজ। মন্ত্রী মহোদয় আমাদের একটি সময় বেঁধে দিয়েছিলেন, যা সংস্কারের জন্য খুবই নগণ্য সময়। আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’