মন্ত্রীর সই জাল করায় প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের লিখিত সুপারিশ ও সই জাল করার অভিযোগে গত বৃহস্পতিবার মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (নৌ) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার মংলা বন্দর কর্তৃপক্ষের নৌ বিভাগের প্রধান প্রকৌশলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মংলা বন্দরের নৌ প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী সোহেল রানা বন্দর কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের তদন্তের অব্যাহতি চেয়ে ও সহকারী প্রকৌশলী পদে সদ্যপ্রাপ্ত পদোন্নতি বহাল রাখার জন্য একটি আবেদন করেন। আবেদনটির ওপরে ‘অব্যাহতি প্রদানপূর্বক নির্ধারিত পদে পদায়নের ব্যবস্থা নিন’ মর্মে নৌমন্ত্রীর সুপারিশসহ স্বাক্ষর ছিল। পরে এই স্বাক্ষর ও সুপারিশের বিষয়ে কর্তৃপক্ষের সন্দেহ হয়। এর সত্যতা নিশ্চিত করার জন্য আবেদনটি নৌ মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তী সময়ে মন্ত্রীর একান্ত সচিব এক পত্রের মাধ্যমে জানান, দাখিল করা আবেদনে লিখিত সুপারিশসহ সইটি মন্ত্রীর নয়। এমতাবস্থায় মো. সোহেলকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করেন মংলা বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে সোহেল রানার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। মংলা বন্দর কর্তৃপক্ষের নৌ বিভাগের প্রধান আলতাফ হোসেন বলেন, ‘সহকারী প্রকৌশলী সোহেল রানা সাময়িক বরখাস্তকালে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে প্রতি কর্মদিবসে হাজিরা দেবেন এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।’