মন্ত্রী-সাংসদের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ
সাবেক এক মন্ত্রীর নাম ভাঙিয়ে সোহেল রানা ওরফে ছোটবাবু মেডিকেলে ভর্তি ও বিদেশে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
সোহেল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি বলেও জানা গেছে। সোহেল এখন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জগলুল হায়দারের সঙ্গে থাকেন বলে জানা গেছে।
সোহেলের বিরুদ্ধে নাটোরের লালপুরের মতিউর রহমান গতকাল শনিবার রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এতে তিনি অভিযোগ করেন, এক সেনা সদস্যের মাধ্যমে সোহেলের সঙ্গে পরিচয় হয়। তখন সোহেল তাঁকে আশ্বস্ত করেন, ১২ লাখ টাকার বিনিময়ে তাঁর (মতিউর) ছেলেকে খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ করে দেবেন। পরে মতিউর তিন কিস্তিতে ব্যাংকের মাধ্যমে সাড়ে আট লাখ টাকা সোহেলকে দেন। পরে লোক মারফত আরও সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁর ছেলেকে মেডিকেলে ভর্তি করাতে পারেননি সোহেল। এরপর থেকেই সোহেল ও তাঁর সহযোগীরা ফোন নম্বর পরিবর্তন করছেন।
মতিউর আরও বলেন, তিনি টাকা উদ্ধারের জন্য গত ২৮ জানুয়ারি নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোহেলের বিরুদ্ধে একটি মামলা করেন। ১৮ মে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাঁকে গ্রেপ্তার করছে না। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে মতিউর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শ্যামনগরে খোঁজ নিয়ে জানা গেছে, সোহেলের নামে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। অনেক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। আগে তিনি এক মন্ত্রীর ভাগনে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। এখন ভিড়েছেন সাংসদ জগলুল হায়দারের সঙ্গে।
সাংসদ জগলুল হায়দার বলেন, ‘সোহেল আমার সঙ্গে থাকার প্রশ্নই ওঠে না। তবে নাটোরের মতিউর তাঁকে অনেকবার ফোন করেছেন। আমি তাঁকে সাতক্ষীরায় আসতে বলেছি। কিন্তু তিনি নাকি ভয় পান। আমি তাঁকে নিরাপত্তা দেওয়ার কথা বললেও তিনি আসেননি।’
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সোহেল দীর্ঘদিন থেকে পলাতক রয়েছেন। সম্প্রতি তিনি পাওনাদারের হাতে আটক হয়েছেন বলে পুলিশের কাছে খবর আছে। তবে কোথায় তিনি আছেন তা পুলিশ এখনো জানতে পারেনি।