মন্দির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিমা ভাঙচুর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা সর্বজনীন হরিতলা পূজা মন্দিরের দুটি প্রতিমা গত বৃহস্পতিবার রাতে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মন্দিরের সাবেক কমিটির দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন হাজরাখানা গ্রামের ঝড়ু হালদার ও মেঘনাদ হালদার। ঝড়ু হালদার মন্দিরের আগের কমিটির সভাপতি ও মেঘনাদ হালদার কোষাধ্যক্ষ ছিলেন।

মন্দিরের বর্তমান কমিটির সভাপতি অরূপ রায় বলেন, এখানে সনাতন ধর্মাবলম্বী ৬৫টি পরিবার রয়েছে। মন্দিরের নতুন কমিটি গঠন নিয়ে পরিবারগুলো দুই ভাগে বিভক্ত। আগে সবাই একসঙ্গে পূজা করতেন। কিন্তু বর্তমানে সপ্তাহে দুই পক্ষ দুই দিন পূজা-অর্চনা করে। বর্তমান কমিটির নেতৃত্বে বেশির ভাগ পরিবার সপ্তাহের বৃহস্পতিবার এবং সাবেক কমিটির নেতৃত্বে বাকি পরিবারগুলো রোববার পূজা করে। বর্তমান কমিটির পক্ষের পরিবারগুলো বৃহস্পতিবার রাতে পূজা-অর্চনা করে বাড়ি চলে যায়। এরপর রাতে মন্দিরে রাখা দুটি প্রতিমা ভাঙচুর করে অজ্ঞাত ব্যক্তিরা।

অরূপ রায় এ ঘটনায় গতকাল চৌগাছা থানায় মামলা করেন। পরে পুলিশ ঝড়ু হালদার ও মেঘনাদ হালদারকে নিজ বাড়ি থেকে আটক করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।