মন্দির থেকে তিনটি মূর্তি চুরি
নেত্রকোনা শহরের পাটপট্টি শিবমন্দির থেকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাথরের শিবলিঙ্গসহ তিনটি মূর্তি চুরি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে মন্দির কমিটি থানায় মামলা করেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা, মন্দির কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মন্দিরের সেবায়েত গোপাল চন্দ্র বীন মন্দিরে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। তিনি ভেতরে গিয়ে দেখেন পাথরের দুটি শিবলিঙ্গসহ নন্দী ঠাকুরের (গাভি) মূর্তি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া ওই মূর্তি তিনটির ওজন প্রায় ১২ কেজি। খবর পেয়ে সকালে জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বীন প্রথম আলোকে বলেন, ‘মন্দিরটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই মূর্তি তিনটিতে আমরা পূজা করে আসছি।’
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শীতাশু বিকাশ আচার্য বলেন, মূর্তিগুলো উদ্ধারের জন্য পুলিশের প্রতি দাবি জানানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের মূর্তি ভেবে চোরেরা তা চুরি করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মন্দির কমিটি থানায় মামলা করেছে।