মন্দির থেকে দেড় শ বছরের পুরোনো মূর্তি চুরি
চট্টগ্রামের আনোয়ারার একটি পারিবারিক মন্দির থেকে দেড় শ বছরের পুরোনো কাত্যায়নী মূর্তিসহ বিভিন্ন দেব-দেবীর পিতলের নয়টি মূর্তি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের কিরিটিবাপের বাড়িতে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার থানায় অভিযোগ করা হয়েছে।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্র জানায়, চুরি যাওয়া মূর্তিগুলোর একটি কাত্যায়নী, একটি গোপাল ও বাকিগুলো লক্ষ্মী-নারায়ণের। এ সময় আরও পাঁচটি পাথরের মূর্তি পুকুরপাড়ে ফেলে যায় চোরেরা।
মন্দিরে চুরির ব্যাপারে ওই বাড়ির মালিক ও নগরের সদরঘাট থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘আমাদের মন্দির থেকে পিতলের নয়টি মূর্তি চুরি হয়েছে। এর মধ্যে কাত্যায়নী মূর্তিটি দেড় শ বছরের পুরোনো। চোরেরা আরও পাঁচটি পাথরের মূর্তি পুকুরপাড়ে ফেলে চলে যায়।’
এ ব্যাপারে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলম বলেন, মন্দিরে চুরির ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।