মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে অনিয়ম!
গাজীপুরের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক দীপ্তি দাসের বিরুদ্ধে অবৈধভাবে কালিয়াকৈরের একটি কেন্দ্রের শিক্ষককে চাকরিচ্যুত এবং পাঁচটি কেন্দ্রের কার্যক্রম স্থগিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিঠি দিয়ে তাঁর কাছে জবাব চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
চাকরিচ্যুত শিক্ষক দীপংকর চন্দ্র রাজবংশী স্বাক্ষরিত একটি এবং দীপংকরসহ ছয়জন শিক্ষক স্বাক্ষরিত আরেকটি লিখিত অভিযোগ প্রকল্প পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গত ২৯ এপ্রিল দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় দীপ্তি দাসকে ওই চিঠি দেয়। দীপংকর চন্দ্র ছাড়া লিখিত অভিযোগে সই করা অন্য শিক্ষকেরা হলেন তেজিন্দ্র সরকার, প্রিয়াঙ্কা সাহা, মনিকা সরকার, রাজীব গাঙ্গুলি ও ছন্দা রানী।
লিখিত অভিযোগে সই করা কয়েকজন শিক্ষক বলেন, এর আগে নরসিংদীতে দায়িত্ব পালনের সময় ২০১৫ সালে দুর্নীতির কারণে দীপ্তি দাসকে গাজীপুরে বদলি করা হয়। ওই কর্মকর্তার দুর্নীতির কবল থেকে কেন্দ্রগুলোকে রক্ষা করতে প্রকল্প পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউএনওর কাছে অভিযোগ দেওয়া হয়।
লিখিত অভিযোগে বলা হয়, গাজীপুরের পাঁচটি উপজেলায় ৮০টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে কালিয়াকৈরে রয়েছে ১৯টি। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে শিক্ষার্থী ও একজন করে শিক্ষক রয়েছেন। একেকজন শিক্ষকের মাসিক বেতন ২ হাজার ৩০০ টাকা। এই বেতন শিক্ষকদের ব্যাংক হিসাবে জমা হয়। তবে ব্যাংকে বেতন তুলতে গেলে দীপ্তি দাস প্রত্যেক শিক্ষকের কাছে বেতনের অর্ধেক টাকা দাবি করেন। কিছু শিক্ষকের কাছ থেকে একটু কমও নেন তিনি। আবার কয়েকটি কেন্দ্রে ক্লাস না হলেও শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে। এর বিনিময়ে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে বেতনের অর্ধেক টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের বই, খাতা, কলমসহ প্রায় ৩০ ধরনের শিক্ষাসামগ্রী দেওয়ার কথা রয়েছে। কিন্তু ওই কর্মকর্তা প্রতিটি কেন্দ্রে পাঁচ-সাত ধরনের সামগ্রী দিচ্ছেন।
বরইবাড়ি শিবমন্দির কেন্দ্রের চাকরিচ্যুত শিক্ষক দীপংকর চন্দ্র রাজবংশী গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি প্রায় পাঁচ বছর ধরে খণ্ডকালীন হিসেবে ওই কেন্দ্রে শিক্ষকতা করছেন। গত জানুয়ারিতে ওই কর্মকর্তা (দীপ্তি দাস) তাঁকে অফিসে যেতে বলেন। পরে তাঁর হিসাবে জমা হওয়া ১৪ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা দাবি করেন ওই কর্মকর্তা। সে সময় দর-কষাকষি করলে পাঁচ হাজার টাকার নিচে হবে না বলে জানিয়ে দেন কর্মকর্তা।
জানতে চাইলে সহকারী পরিচালক দীপ্তি দাস গত বুধবার বলেন, অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে একটি চিঠি দিয়েছেন। তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে ওই সব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এরপর তাঁরা মিথ্যা অভিযোগ দিয়েছেন।
ইউএনও মো. ছানোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্পের উপপরিচালক কাকলী রানী মজুমদার বলেন, শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার কাছে জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।