মন্দিরে আগুন ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা চাপানী দুর্গামন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগের রাতে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিমলা থানায় গত মঙ্গলবার সন্ধ্যায় মামলা করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নলিনী মোহন রায়। রাতেই পুলিশ ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোত্তালেব হোসেন (৫০) ও ভ্যানচালক আজিজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে।
নলিনী মোহন অভিযোগ করেন, সোমবার দিবাগত রাতে মন্দিরে আগুন দেখতে পায় এলাকাবাসী। আগুনে মন্দিরের সামনের অংশ পুড়ে যায়। পেছনের দিককার দেয়ালে দুটি পোস্টার দেখা যায়। তাতে জামায়াত-শিবির বাংলাদেশ, জিন্দাবাদ কথাটি লেখা রয়েছে। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংসদ আফতাব উদ্দীন সরকার, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে একই কথা লেখা দুটি পোস্টারে জামায়াত নেতাদের ফাঁসির বিপক্ষে অবস্থান ও হিন্দু সম্প্রদায়কে হুমকি দেওয়ার বিষয় ছিল। অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে উল্লিখিত দুজনকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।
চাপানী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মওলানা আবু রায়হান বলেন, মন্দিরে আগুন লাগানোর ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা নেই। জামায়াত-শিবিরের ওপর দায় চাপাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির গ্রেপ্তার দাবি করেন।