মন্দিরে ঢুকে চুরি, দুটি ধর্মীয় বই পুড়িয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা বারো শিবমন্দিরের তালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা সেখানে রক্ষিত পিতলের দুটি গণেশ মূর্তি নিয়ে গেছে। সেই সঙ্গে পুড়িয়ে দিয়েছে দুটি ধর্মীয় বই ও প্রচারপত্র। 

পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোনো একসময় মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা গোবিন্দ মন্দিরে থাকা দুটি ধর্মীয় বই এবং প্রচারপত্র পুড়িয়ে দেয়। এ ছাড়া সেখানে রক্ষিত পিতলের দুটি গণেশ মূর্তি, দুটি কাঁসার থালা ও গ্লাস নিয়ে যায়। খবর পেয়েই জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, মন্দিরের পূর্ব পাশে রাধাগোবিন্দ মন্দির। মন্দিরের মেঝেতে কাগজ পোড়ানোর ছাই। পুড়ে যাওয়া প্রচারপত্রের কিছু অংশও সেখানে পড়ে রয়েছে।

মন্দিরের পূজারি (ঠাকুর) শিতু মহন্ত বলেন, তিনি প্রতিদিনের মতো গতকাল সকালে মন্দিরে পূজা করতে এসে রাধাগোবিন্দ মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে ধর্মীয় বই-প্রচারপত্র পোড়ানো ছাই দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ঘটনা শিবমন্দির কমিটিকে জানান।

জয়পুরহাট সদর থানার ওসি বলেন, এখনো কেউ এ বিষয়ে থানায় অভিযোগ দেয়নি। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।