মন্দিরে ভাঙচুর ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী গ্রামে গত বৃহস্পতিবার রাতে সর্বজনীন কালীবাড়ি মন্দিরের মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে সিংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আক্কাস আলী ও তাঁর ছেলে আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ, মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংজুরী বাজারের পাশে ৬ শতক জমির ওপর অবস্থিত সর্বজনীন কালীবাড়ি মন্দিরের জমির মালিকানা নিয়ে আক্কাস আলীর পরিবারের সঙ্গে মন্দির কমিটির বিরোধ ছিল। তিন বছর আগে ওই জমির মালিকানা দাবি করে আল মামুন ও মন্দির কমিটি পরস্পরের বিরুদ্ধে মামলা করে। বছর খানেক আগে আদালত এ মামলায় কমিটির পক্ষে রায় দেন।
মন্দির কমিটির সভাপতি গৌড় চন্দ্র দত্ত অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মন্দিরের ওই জমি দখলের চেষ্টা করছিলেন মামুন। এর জের ধরে আক্কাস আলী ও তাঁর ছেলে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুর ও পূজার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন।
মন্দিরে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় গতকাল বিকেলে মন্দির প্রাঙ্গণে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে আক্কাস আলী ও তাঁর ছেলে মামুনসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।