মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় গতকাল মঙ্গলবার একটি সর্বজনীন দুর্গামন্দিরে হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি গদাধর রাজবংশী অভিযোগ করেন, এলাকার আবদুল হক ও তাঁর ভাই হারুন গতকাল বেলা আড়াইটার দিকে ৫০-৬০ জনের একটি দল নিয়ে মন্দিরে হামলা চালান। তাঁরা প্রথমে মন্দিরের প্রাচীর ভাঙচুর করেন। পরে মন্দিরের ভেতরে ঢুকে দুর্গা, মনসা ও রাধাকৃষ্ণের প্রতিমাসহ আরও বেশ কয়েকটি প্রতিমা ভেঙে ফেলেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। কিন্তু কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।