মন্দিরে হামলায় গ্রেপ্তার মোসাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ইস্কন মন্দিরে হামলার ঘটনায় জনতার হাতে আটক মোসাব্বির আলম নিখোঁজ হয়েছেন বলে ছয় মাস আগে লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তাঁর বাবা শামসুল আলম খন্দকার।
পুলিশ জানায়, গত ২৭ জুন করা ওই জিডিতে বলা হয়, মোসাব্বির ৭ মে থেকে নিখোঁজ আছেন। এরপর ১৩ আগস্ট একই থানায় অপহরণ মামলা করেন শামসুল আলম খন্দকার। তাতে তিনি অভিযোগ করেন, চাঁদা দাবি করে টাকা না পাওয়ায় তাঁর ছেলে মোসাব্বিরকে অপহরণ করা হয়েছে। মামলায় আসামি করা হয় রাকিবুল ইসলাম (২৫) ও হারুন-অর-রশিদ (২৮) নামের দুজনকে। তাঁদের পুলিশ গ্রেপ্তারও করে।
‘নিখোঁজ’ বা ‘অপহৃত’ সেই মোসাব্বির কাহালুর ইস্কন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গতকাল সকালে। এই খবর জানতে পেরে এ প্রতিবেদক গত রাতে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বানভাসা এলাকায় তাঁর বাসায় গেলে পরিবারের সদস্যরা দাবি করেন, কীভাবে মোসাব্বির এমন ঘটনায় জড়ালেন বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
মামলা ও জিডি করার কারণ হিসেবে মোসাব্বিরের মা ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমার ছেলে হঠাৎ নিখোঁজ হয়। প্রায় এক সপ্তাহ পর মোবাইল ফোনে সে জানায়, সে ভালো আছে। কোথায় আছে, জানতে চাইলে অন্য কেউ ফোনটি কেড়ে নেয় বলে মনে হয়।’ এরপর আর কখনো ছেলের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি বলে দাবি করেন ফরিদা ইয়াসমিন।
মোসাব্বিরের বাবা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশিলদার শামসুল আলম খন্দকার দাবি করেন, তাঁর ছেলে কখনো কোনো রকম রাজনৈতিক বা অনৈতিক কাজে জড়াননি। কীভাবে এ ধরনের তৎপরতায় জড়ালেন, তিনি জানেন না।
মোসাব্বির লালমনিরহাট চার্চ অব গড উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি ও লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি রংপুর কেরামতিয়া পলিটেকনিক কলেজে ভর্তি হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মোসাব্বিরকে অপহরণ করার ও নিখোঁজের বিষয়ে তাঁর থানায় একটি জিডি ও একটি মামলা রয়েছে। এখন তাঁকে কাহালুর ইস্কন মন্দিরের হামলার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। সার্বিক বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।