মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে একটি মন্দিরের (দেবালয়) জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই নেতা এ জমিতে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এ ব্যাপারে দেবালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।
দেবালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জায়ফরগর ইউনিয়নের শাহপুর মৌজার হাসনাবাদ গ্রামে ২৫ হাজার ২১৮ থেকে ২৫ হাজার ২২১ নম্বর দাগে ‘কালী কাল ভৈরব বাড়ি’ দেবালয়ের নামে ৮৩ শতক জমি আছে। এর মধ্যে ৩০ শতক জমি হাসনাবাদ গ্রামের রেমান মিয়া দখল করে রেখেছেন। রেমান আওয়ামী লীগের জায়ফরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি বলে স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। এ নিয়ে ১৯৯১ সালে দেবালয় কমিটির পক্ষ থেকে আদালতে স্বত্ব মামলা করা হয়। মামলার রায় কমিটির পক্ষে যায়। এরপর কমিটির পক্ষ থেকে জায়গার নামজারিও করা হয়। ১০-১৫ দিন আগে রেমান ওই জমিতে পাকা বসতঘর নির্মাণের চেষ্টা চালান। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে বাধা দেওয়া হলেও তিনি মানেননি। এ অবস্থায় ১৪ নভেম্বর দেবালয় কমিটির সভাপতি নির্মল চন্দ্র দাস ও সম্পাদক নিবারণ চন্দ্র নাথ থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
সরেজমিনে গতকাল শনিবার দেখা গেছে, মন্দিরের সীমানা পাকা খুঁটি দ্বারা চিহ্নিত করা আছে। সীমানার ভেতরে রেমানের টিন-বাঁশ ও মাটির দেয়ালের দুটি ঘর আছে। মাটির দেয়ালের ঘরটি ভেঙে পাকা ঘর নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করা হয়েছে। নির্মাণকাজের জন্য পাশে ইট-বালু স্তূপ করে রাখা।
রেমান মিয়া দাবি করেন, প্রায় ২৫ বছর আগে তিনি হরেন্দ্র দাস নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ওই ৩০ শতক জমি কিনেন। এরপর সেখানে বাস করা শুরু করেন। মাটির দেয়ালের পুরোনো ঘরটি ভেঙে পড়ায় পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন। তবে জমির মালিকানাসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
স্বত্ব মামলার রায় ও সেটেলমেন্টের জরিপের রেকর্ডের কথা উল্লেখ করলে রেমান উত্তেজিত হয়ে বলেন, ‘আমিও মামলার শেষ দেখে ছাড়ব।’
দেবালয় কমিটির সভাপতি নির্মল চন্দ্র দাস বলেন, স্বত্ব মামলা, নামজারি ও সেটেলমেন্ট জরিপের সময় রেমান তাঁর মালিকানার বিষয়ে কোনো দলিলপত্র দেখাতে পারেননি। তিনি (রেমান) যে জায়গাটা দখল করে রেখেছেন সেখানে শ্মশান ছিল। তাঁকে অনেকবার জমি ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি মানেননি। এখন তাঁরা আদালতে উচ্ছেদ মামলা করবেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, দেবালয় কমিটির পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে রেমানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি উচ্ছেদ মামলা করলে আদালতের নির্দেশে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।