মন্দিরের জায়গা দখল করতে হামলা, আহত ৬
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর গ্রামে রাজেশ্বর বিগ্রহ দেবের মন্দিরের জায়গা দখল করার জন্য গত রোববার একটি পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। এতে ওই পরিবারের ছয়জন সদস্য আহত হয়েছেন।
অভিযোগ আছে, একই গ্রামের মান্নান খানের চাচা কাশেম খান ওই হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯৯ নম্বর রুদ্রকর মৌজার এস এ ৯৭২ ও বিআরএস ১০৭৩ দাগে রাজেশ্বর বিগ্রহ দেবের মন্দিরের নামে ২৪৯ শতাংশ জমি রয়েছে। মন্দিরের সেবায়েত হিসেবে নির্মল গাঙ্গুলি পরিবারের সদস্যদের নিয়ে ওই জায়গায় বসবাস করছেন। এর মধ্যে ১২৩ শতাংশ জমির নামজারি হয় গত বছর।
নির্মল গাঙ্গুলি ও স্থানীয় কয়েকজনজানান, রুদ্রকর গ্রামের মান্নান খান মন্দিরের কিছু জমির মধ্যে ঘর তুলে ১০-১২ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন। তাঁর চাচা কাশেম খান মন্দিরের আরও কিছু জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছেন। রোববার রাতে কাশেম খান সাত-আটজন লোক নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর স্ত্রী কাজল গাঙ্গুলি, মেয়ে সীমা গাঙ্গুলি, শিল্পী গাঙ্গুলি, নাতি শিশির, প্রতিবেশী নন্দ দত্ত ও পুতুল দে আহত হন। আহতদের চারজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে গতকাল সোমবার সকালে মন্দির পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
কাজল গাঙ্গুলি বলেন, রোববার রাতে মন্দিরে কীর্তন চলছিল। প্রসাদ বিতরণের পরেই কাশেম খান লোকজন নিয়ে বাড়িতে হামলা করেন।
অভিযোগ অস্বীকার করে কাশেম খান বলেন, ‘সরকারি সম্পত্তি হিসেবে দীর্ঘদিন থেকে এ জায়গাটি আমাদের দখলে রয়েছে। নির্মল গাঙ্গুলি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে। আমরা তাঁদের ওপর হামলা করিনি।’
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, মন্দিরের কিছু জায়গা অর্পিত সম্পত্তি (ভিপি) তালিকার ‘ক’ তফসিলভুক্ত। ওই জায়গাটি এক ব্যক্তি দখল করেছে। জায়গাটি দখলের তিন দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওসি মনিরুল ইসলাম গতকাল বিকেলে বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ মামলা করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।