মন্দিরের তালা ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার চুরি
ঝিনাইদহের মহেশপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাধাবল্লভ ও কালীমন্দিরের তালা ভেঙে গত বুধবার রাতে চোরেরা ১২ ভরি সোনার গয়না চুরি করে নিয়ে গেছে।
মন্দিরের পুরোহিত মিলানান্দ দাস জানান, বুধবার রাত ১২টার দিকে তিনি পূজা শেষ করে প্রতিটি দরজায় তালা লাগিয়ে ঘুমাতে যান। বৃহস্পতিবার (গতকাল) সকালে পূজা দিতে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস জানান, চোরেরা কালীমন্দির ও রাধাবল্লভ মন্দিরে ঢুকে সাতটি তালা ভেঙে দুই ভরি ওজনের স্বর্ণের গীতা হার, এক ভরি ওজনের দুটি কানের দুল, দেড় ভরি ওজনের মাথার টিকলী, দুই ভরি ওজনের চেইন, এক ভরি ওজনের রাধার দুটি কানের দুল, তিন ভরি ওজনের শ্রীকৃষ্ণের বাঁশি ও এক ভরি ওজনের টিকলী নিয়ে গেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানিয়েছেন, তিনি মন্দির দুটি পরিদর্শন করেছেন। চুরিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।