মন্দিরের তিন শতাধিক কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম মহল্লার রাধা গোবিন্দ জিউর মন্দিরের জায়গায় রোপণ করা তিন শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও মন্দির কর্তৃপক্ষ গতকাল সোমবার রাতে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য পলাশ সাহা বলেন, মন্দিরের ৪৫ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক কলাগাছ রোপণ করা হয়। ১ জুন দুষ্কৃতকারীরা বাগান থেকে ২০–২৫টি গাছ কেটে ফেলে। তখন মৌখিকভাবে বিষয়টি বোয়ালমারী থানায় জানানো হয়। ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ওই মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের চার দিন পর ১৮ জুন শনিবার দিবাগত রাতে সব কটি কলাগাছই কেটে ফেলা হয়। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে গত সোমবার ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার সিকদার বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।