মন্দিরের পুকুর দখল করায় পূজা বর্জন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রায়পাশা কালীমন্দিরে এবার দুর্গাপূজা হচ্ছে না। মন্দিরের পুকুরটি এলাকার প্রভাবশালীরা দখল করে মাছ চাষ করছেন বলে অভিযোগ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের। এর প্রতিবাদে ওই মন্দিরে পূজা না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
পুকুরটি দখলমুক্ত করে দেওয়ার জন্য মন্দিরের সেবায়েত গত দুই মাসেরও বেশি সময় আগে আবেদন জানালেও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
নান্দাইলের ইউএনও শাহানুর আলম ছুটি নিয়ে দেশের বাইরে রয়েছেন। ইউএনওর দায়িত্ব পালনকারী নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন বলেন, তিনি এখানে নতুন যোগ দিয়েছেন। ১০-১৫ দিন আগে অভিযোগটি তাঁর কাছে আসে। দুটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে গিয়ে ব্যস্ততার কারণে পুকুর দখলের বিষয়টি তদন্ত করার সময় পাননি। তবে পুজোর পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করবেন।
মন্দিরের সেবায়েত প্রাণতোষ বিশ্বাসের করা অভিযোগ সূত্রে জানা যায়, রায়পাশা এলাকার আবদুর রাশিদ ও তাঁর চাচাতো ভাই স্থানীয় কালী বাজারের ইজারাদার ওয়ারিছ উদ্দিনসহ কয়েকজন মিলে গত ২৪ জুলাই ওই মন্দিরের পুকুরটি দখল করে মাছ চাষ শুরু করেন।
প্রাণতোষ বলেন, গত ৩০ জুলাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে দখলদারদের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু গত দুই মাসেও পুকুর দখলমুক্ত হয়নি। এর প্রতিবাদে এবার মন্দিরে পুজোর আয়োজন করা হচ্ছে না।
আবদুর রাশিদ বলেন, তাঁর চাচাতো ভাই ওয়ারিছ ওই পুকুরটি সরকারের কাছ থেকে ইজারা নিয়েছেন। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন তিনি। যোগাযোগের চেষ্টা করেও ইজারাদার ওয়ারিছ উদ্দিনকে পাওয়া যায়নি।