মন্দিরের পুরোহিত ও তাঁর ছেলেকে হত্যার হুমকি
ঝালকাঠি শহরের শীতলা খোলা ও লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের পুরোহিত অমল ভট্টাচার্য ও তাঁর ছেলে দেবাশীষ ভট্টাচার্যকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে অমল ভট্টাচার্য পূজা করতে এসে মন্দির প্রাঙ্গণে পড়ে থাকা অবস্থায় একটি চিঠিটি পান। সে চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
পুরোহিত অমল ভট্টাচার্য জানান, সকাল সাতটার দিতে তিনি মন্দিরে পূজা করতে যান। এ সময় মন্দিরের প্রাঙ্গণে একটি চিঠি পান। চিঠিতে লেখা রয়েছে, ‘আমাদের পরিচয় তোদের জানার দরকার নেই। আমরা হয়েছি পুরোহিত হত্যা সংগঠন। আগে তুই পরে তোর ছেলে। আমরা এখানে আছি। এই লেখা কাউকে দেখাবি না।’ চিঠি পাওয়ার পর অমল ভট্টাচার্য স্থানীয় থানার পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
অমল ভট্টাচার্য বলেন, চিঠি পাওয়ার পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম প্রথম আলোকে আজ দুপুরে বলেন, ‘চিঠিটি আমরা পেয়েছি। পুরোহিত ও তাঁর পরিবারের নিরাপত্তার ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি।’