গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ও মন্দিরে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে বনগ্রাম এলাকায় বনগ্রাম শ্রীশ্রী সুধন্য কৃপাময়ী কালীমন্দির এবং আশপাশের কয়েকটি বাড়িতে এ হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে সুনীল চন্দ্র পাল (৩৫), আসাদুল হক (৫০), সফিকুল ইসলাম (২৮), রাসেল মিয়া (৩০), মুজিবুর রহমান (৫০) ও মিস্টারের (৩৫) নাম জানা গেছে।
এলাকাবাসী, হিন্দু পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে বনগ্রাম এলাকায় সন্ত্রাসী রফিকুল ইসলামের নেতৃত্বে ১০-১২টি মাইক্রোবাসযোগে অর্ধশতাধিক সন্ত্রাসী মন্দিরের কাছে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তাদের মধ্যে কয়েকজনের পুলিশের পোশাকের মতো পোশাক পরা ছিল। পরে তারা ভয়ভীতি দেখিয়ে সুরেন্দ্র চন্দ্র বর্মণের বাড়ির টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। ভাঙচুর শেষে ওই বাড়ি থেকে টাকা ও মালামাল লুটপাট করে। একই সময় পাশের মন্দির ও লাল মোহন বর্মণ, সুনীল চন্দ্র বর্মণ, সতীন্দ্র বর্মণ, নিরঞ্জন চন্দ্র বর্মণসহ ২০-২৫টি বাড়িতে ও পাঁচটি দোকানে হামলা ভাঙচুর, লুটপাট করে। সন্ত্রাসীরা কালীমন্দিরের কালী প্রতিমা, মহাদেব ও রাগিণী যোগিনীসহ চারটি প্রতিমা ভাঙচুর করেছে। সন্ত্রাসীদের হামলায় আহত হন নারী, শিশুসহ কমপক্ষে সাতজন। ভাঙচুরের খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বনগ্রামের বাসিন্দা সুনীল চন্দ্র বর্মণ জানান, সন্ত্রাসী রফিক ও তার দলবলের অত্যাচার এবং নানা অপরাধের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটেছে।
বনগ্রামের বাসিন্দা আমজাদ জানান, প্রায় দুই মাস আগে সুরেন্দ্র চন্দ্রের বাড়িসহ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুলসহ কয়েকজনের নামে মামলা হয়। তিনি ওই মামলার সাক্ষী। ওই মামলা তুলে নেওয়ার জন্য তারা একাধিকবার তাকেসহ বাদী হুমকি দিয়েছিল। এ ঘটনার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা।
বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির গাজীপুর জেলা শাখার সভাপতি মনীন্দ্র চন্দ্র মণ্ডল জানান, হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিৎ রায় দাশ জানান, গতকাল সোমবার চারটার দিকে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ বলেন, এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, রফিক নামের এক সন্ত্রাসী তার লোকজন নিয়ে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। পুলিশের কয়েকটি টিম তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে। জড়িত ব্যক্তিদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে এবং মন্দিরে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. হোসেনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি আগামী পাঁচ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।