মন্দিরের সেবায়েত হওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত ৪
ভোলা পৌরসভার ওয়েস্টার্নপাড়ায় রাধাগোবিন্দ জিউর মন্দিরের সেবায়েত (পরিচালক) কে হবেন এ নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে মণিকা দেবী গুহের বাসায় প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। তাঁরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সেবায়েত দাবিদার বিপ্লব কুমার গুহ এ হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মণিকা দেবী বাদী হয়ে ভোলা সদর থানায় অভিযোগ করেছেন। বিপ্লব কুমার গুহ অবশ্য হামলা করার অভিযোগ অস্বীকার করেছেন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, মন্দিরের সেবায়েত কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকালের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মণিকা দেবীর অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
তবে মণিকা দেবী গুহের দাবি, তাঁরা অভিযোগ দিলেও মামলা এজাহারভুক্ত হয়নি। তাই আজ (বৃহস্পতিবার) আদালতে মামলা করবেন তিনি।
থানায় জমা দেওয়া অভিযোগেপত্রে উল্লেখ করা হয়েছে, ১৯৪৭ সালের পর ডা. হরিমোহন দাস ভোলা পৌরসভার ওয়েস্টার্নপাড়ায় রাধাগোবিন্দ জিউর মন্দিরে প্রায় ৫৬ শতাংশ জমি দান করেন। পরে তিনি ভারত চলে যান। ওই জমি চরজংলা ও জামিরা লতা মৌজার চারটি দাগে রয়েছে। দলিলে মন্দিরের সেবায়েত নিযুক্ত করেন বাংলাদেশে রেখে যাওয়া দুই জামাই ও তাঁদের বংশধরদের। সেই নিয়মে বর্তমান সেবায়েত হওয়ার কথা সুকুমার গুহের (৫৬)। তিনি জমিদাতার নাতি কৃষ্ণ কুমার গুহের ছোট ছেলে ও মণিকা দেবীর স্বামী। কিন্তু জোর করে সেবায়েত হয়ে আছেন সুকুমারের বড় ভাই সর্বশেষ সেবায়েত অজিত গুহের বড় ছেলে বিপ্লব কুমার গুহ (৪১)। এটা নিয়ে সুকুমার ও বিপ্লব কুমারের মধ্যে বিরোধ চলছে। যা প্রায়ই সংঘর্ষে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় বিপ্লব তাঁর লোকজন নিয়ে মঙ্গলবার রাতে মণিকা দেবীর ঘরে হামলা করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে সুকুমার, মণিকা দেবী, তাঁদের ছেলে সুদীপ্ত গুহ ও পুত্রবধূ প্রিয়াঙ্কা গুহকে আহত করেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সুকুমার বলেন, ‘বিপ্লব ও তাঁর বাবা অজিত গুহ মন্দিরের প্রায় ৭ শতাংশ জমি ভুয়া নামজারি করে বিক্রি করেছেন। বাকি সম্পত্তিও বিক্রির ধান্দা করছেন। এ ছাড়া জমি ও জমিতে গড়া দোকানঘর ভাড়া দিয়ে বছরে কয়েক লাখ টাকা লোপাট করছেন। মন্দিরের আয়-ব্যয়ের কোনো হিসাব নেই।’
তবে বিপ্লব কুমার গুহ বলেন, নীতিমালা অনুসারে তিনি মন্দিরের সেবায়েত হয়েছেন। তাঁর চাচা সেটা না মেনে তাঁকে মিথ্যা মামলায় জড়াচ্ছেন। মঙ্গলবার রাতে যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ সাজানো, ওই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।