মন্দিরের সেবায়েতকে হুমকির অভিযোগ
কুষ্টিয়ায় এক মন্দিরের সেবায়েতকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের থানাপাড়ার শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীদের ধর্মস্থান সৎসঙ্গ মন্দিরের সেবায়েত নবকুমার ঘোষকে এ হুমকি দেওয়া হয়। এতে ওই সেবায়েত ও পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
সেবায়েত নবকুমার ঘোষ সাংবাদিকদের বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে তাঁর মুঠোফোনে একটি নম্বর থেকে ফোন করা হয়। ফোন ধরার পর অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেব। সন্ধ্যার পর তোর সঙ্গে দেখা হবে।’ নবকুমার বলেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ওই মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তাদের জানান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ বলেন, ‘পুলিশ ও র্যাবকে ঘটনাটি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।’
নবকুমার ঘোষ বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে এই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কোনো দিন কোনো সমস্যায় পড়েননি। তবে ওই ফোন পাওয়ার পর থেকে তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। তারপরও সেবায়েতকে নিরাপত্তা দিতে ওই এলাকায় পুলিশ টহল রাখা হয়েছে। হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে।