মবিল চুরি, বিমানকর্মীসহ তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মবিল চুরির অপরাধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুই কর্মচারীসহ তিনজনকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত ওই তিনজনকে চাকরিচ্যুত করার সুপারিশ দুই বিমান সংস্থার কাছে পাঠাবে।

দণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন বিমানের মেইনটেন্যান্স শাখার দুই কর্মী মুশফিকুর রহমান, মো. সাজিদুর ও জেট এয়ারওয়েজের গাড়িচালক আবু সালেক।
আজ শুক্রবার দুপুরে তিন কনটেইনার মবিলসহ ধরা পড়ার পর তাঁদের এই সাজা দেন বিমানবন্দরে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ​হাকিম শরীফ মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস অ্যান্ড ইকুইপমেন্ট শাখার সামনে থেকে ওই তিনজনকে তিন কনটেইনার মবিলসহ হাতেনাতে ধরে ফেলেন বিমানের নিরাপত্তাকর্মীরা। প্রতিটি কনটেইনারে প্রায় আট লিটার করে মবিল ছিল। আটকের পর তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। অপরাধ স্বীকার করায় তিনজনকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া এঁদের চাকরিচ্যুত করার সুপারিশ দুই বিমান সংস্থার কাছে পাঠানো হবে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় পণ্য পরিবহনের কাজে যেসব যানবাহন চলাচল করে, সেগুলোর জ্বালানি ও যন্ত্রাংশ চুরি করে থাকে একটি চক্র। এই চক্রের সদস্য এই তিনজন। আজ জব্দ হওয়া মবিল বিমানবন্দরে বাইরে পাচার করা হতো। পাচারকাজে সহযোগিতা করেছিলেন জেট এয়ারওয়েজের চালক আবু সালেক।