ময়মনসিংহ ও কিশোরগঞ্জে দুই খুন, চাঁদপুরে লাশ উদ্ধার
ময়মনসিংহ সদরে গত শুক্রবার ভাতিজার হাতে চাচা সমীর দাস (৪৫) ও কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় বকুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ছাড়া চাঁদপুরের মতলব দক্ষিণে গতকাল শনিবার মো. রুবেল (২৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: শহরের কালিবাড়ী এলাকার চুন্নু মিয়া বাইলেনের একটি ভাড়া বাড়িতে ভগ্নিপতি বাবুল দাসের সঙ্গে থাকতেন সমীর। সমীর একটি স্বর্ণের দোকানে বিক্রেতার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাবুল তাঁর স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সমীর বাড়িতে একা ছিলেন। শুক্রবার রাত ১২টার দিকে সমীরের বড় ভাই শংকর দাসের ছেলে আকাশ দাস (১৮) তাঁর এক সহযোগীকে নিয়ে সমীরের ঘরে ঢোকেন। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার চেষ্টা করেন আকাশ ও তাঁর সহযোগী। বাধা দিলে আকাশ ও তাঁর সহযোগী সমীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সমীর মারা যান। প্রতিবেশীরা টের পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেওয়ার আগেই আকাশ তাঁর সহযোগীকে নিয়ে পালিয়ে যান। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে আকাশ ও তাঁর সহযোগী সানিকে (২০) আটক করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, এ ঘটনায় সমীরের পরিবারের পক্ষ থেকে গতকাল মামলা হয়েছে।
ভৈরব (কিশোরগঞ্জ): বাজিতপুরের কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের জাহাঙ্গীর আলম (৩০) ও হাসান আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমানাসহ বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে জাহাঙ্গীর শুক্রবার রাত আটটার দিকে হাসানের বাবা ধনু মিয়াকে গালমন্দ করেন। এ ঘটনায় হাসানের লোকজন রাত ১০টার দিকে জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালান। জাহাঙ্গীরকে রক্ষা করতে তাঁর শ্বশুর বকুল মিয়া (৫৫) এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজন বকুলকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ছাড়া গুরুতর আহত জাহাঙ্গীরকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর জানান, শুধু হয়রানি করতে হাসানের পক্ষ তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা করে। এসব নিয়ে হাসানের বাবার সঙ্গে তাঁর তর্ক হয়। এ কারণে হাসানের লোকজন তাঁর বাড়িতে হামলা করলে ওই হত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে হাসান জানান, জাহাঙ্গীর তাঁর বাবাকে মারধর করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা হলেও বকুলকে তাঁরা আঘাত করেননি। তাঁর দাবি জাহাঙ্গীরের অস্ত্রের আঘাতেই বকুলের মৃত্যু হয়েছে।
বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা জানান, এ ঘটনায় বকুলের ভাই আবদুল আওয়াল গতকাল হাসানকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর): উপজেলায় নন্দীখোলা গ্রাম থেকে গতকাল মো. রুবেল (২৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রুবেলের স্ত্রী কাজল রেখা জানান, শুক্রবার দুপুরে তাঁর স্বামী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার দিনভর খোঁজাখুঁজি করেও তাঁর হদিস মেলেনি। গতকাল সকাল নয়টায় তাঁদের বাড়ির পাশের একটি দিঘিতে তাঁর লাশ ভেসে উঠলে লোকজন তাঁদের খবর দেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাঁর লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
থানার ওসি মো. কবির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য রুবেলের লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।