ময়মনসিংহ নার্সিং কলেজে আবারও তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ ও ছাত্রীনিবাসের হাউসকিপারকে অপসারণ না করায় গতকাল শনিবার আবারও প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদা আক্তার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদের সঙ্গে কথা বলার পর রাতে কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। এর কিছুক্ষণ পর সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কৃত আট শিক্ষার্থীকে ময়মনসিংহ নার্সিং কলেজে ফিরিয়ে আনা ও এক বছরের জন্য নিষিদ্ধ দুই শিক্ষার্থীর সময়সীমা ছয় মাস করার সুপারিশসংবলিত একটি চিঠি আসে।
তবে অধ্যক্ষ মনোয়ারা বেগম ও ছাত্রীনিবাসের হাউসকিপার নাজমুন নাহারের অপসারণের কথা চিঠিতে উল্লেখ না থাকায় গতকাল সকাল নয়টা থেকে আবারও প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন তাঁরা।
অধ্যক্ষ মনোয়ারা বেগম বলেন, নতুন পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।
দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা গত অক্টোবর মাসে অধ্যক্ষ ও ছাত্রীনিবাসের হাউসকিপারের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। এ পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ৫ জানুয়ারি কলেজ খুলে দেওয়ার পর একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।