ময়মনসিংহে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গত সোমবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মহর উদ্দিন (৫৫) উপজেলার নিগুয়ারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার মাখল কালদাইর গ্রামে।
গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, মহর উদ্দিন পাশের গয়েশপুর বাজারে ব্যবসা করতেন। গত সোমবার রাত সোয়া নয়টার দিকে তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ডুবাইল নামাপাড়া গ্রামে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে। দুর্বৃত্তরা মহর উদ্দিনকে কুপিয়ে ও মাথায় ভারী কিছুর আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
মহর উদ্দিনের এক ভাতিজা নাম প্রকাশে না করার শর্তে বলেন, হামলার আগে গয়েশপুর বাজার থেকে এক ব্যক্তি তাঁর চাচাকে ডেকে নিয়ে যায়। ওই ব্যক্তিকে বাজারের অনেকেই দেখেছেন ও চিনতে পেরেছেন। মামলায় তাঁর নাম উল্লেখ করা হবে।
ওসি চান মিয়া বলেন, খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। মহর উদ্দিনের পরিবারের সদস্যরা কোনো সন্দেহের কথাও জানাতে পারেননি।