ময়মনসিংহে আবর্জনার পাত্র থেকে মানুষের ১৭ হাড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে আবর্জনা ফেলার একটি পাত্র থেকে মানুষের ১৭টি হাড় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ হাড়ের অংশগুলো উদ্ধার করে। কঙ্কাল চুরি চক্রের সদস্যরা এর সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, হাড়ের সঙ্গে মানবদেহের কিছু গলিত অংশও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী, র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকেই ময়মনসিংহ শহরের সাহেব আলী সড়ক ও জমির মুন্সী সড়কের মোড়ের একটি ডাস্টবিনে এবং ডাস্টবিনের পাশে বেশ কয়েকটি সাদা পলিথিন পড়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দেখে মানুষের কৌতূহল বাড়ে। পথচারী ও স্থানীয় বাসিন্দারা সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে র‍্যাব-১৪ ও ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে র‍্যাব-১৪-এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, হাড়গুলো কতজন মানুষের দেহের অংশ তা অনুমান করা যাচ্ছে না।
আমিনুল ইসলাম নামের এক পথচারী ও নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কলেজ শিক্ষার্থী বলেন, সকাল থেকেই পলিথিনগুলো পড়ে ছিল। এগুলো থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে পুলিশ এসে উদ্ধার করার সময় হাড়ের সঙ্গে মানুষের শরীরের অন্যান্য অংশও দেখতে পায়।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া, অষ্টধর ও কুষ্টিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কাল চুরির অভিযোগে গত এক বছরে পুলিশ কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এরপরও ওই চক্রের একটা অংশ সক্রিয়। এটা ওই চক্রের কাজ বলে মনে হচ্ছে।
ময়মনসিংহ পৌরসভার স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, প্রতি রাতে শহরের সব ডাস্টবিনের আবর্জনা তুলে নিয়ে যায় আবর্জনার গাড়ি। গত শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে ওই ডাস্টবিনের আবর্জনা তুলে নেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় তাঁরা পলিথিনে মোড়ানো হাড় দেখতে পাননি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ডাস্টবিনের পাশে ১৭টি হাড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কবর থেকে কঙ্কাল চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা হাড়গুলো তুলেছে। পরে কোনো কারণে হয়তো ফেলে রেখে গেছে। হাড়গুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন মানুষের হাড় এ বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাবে না।