ময়মনসিংহে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাসে এক তরুণীকে (২২) ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও তার সহকারী। পরে মহাসড়কের পাশে থাকা লোকজন তরুণীকে উদ্ধার করেন এবং বাসচালক নুর উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস গতকাল বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে। বাসের বেশির ভাগ যাত্রী শেরপুরের হলেও ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জে। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের বাসে উঠতে পারবে—এ কথা বলে বাসের চালক মহাখালী থেকে তরুণীকে ওঠায়।
সন্ধ্যায় বাসটি ময়মনসিংহ শহরতলির চুরখাই এলাকায় আসার পর বাস শেরপুর না গিয়ে কিশোরগঞ্জ যাবে বলে কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দেয় চালক ও সহকারী। ওই তরুণীকে কিশোরগঞ্জ যাওয়ার আশ্বাস দিয়ে বাসে থাকতে বলে। পরে বাসটি ছাড়ার পর চালক তরুণীকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। চালকের সহকারী বাসটি চালাচ্ছিল বলে বাসের গতি ছিল কম। একপর্যায়ে ওই তরুণী বাসের জানালা দিয়ে লাফ দিয়ে নামতে চেষ্টা করলে লোকজন দেখে বাসটিকে ধাওয়া করে। পরে সহকারী পালিয়ে গেলে চালক নুর উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল হুদা বলেন, চালককে গ্রেপ্তার করা হয়েছে।