ময়মনসিংহে ছাত্রী হত্যায় গ্রেপ্তার একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অপহরণের পর গলা কেটে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে তার ফুফাতো ভাই শাজাহান হাবিব ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
হাবিব ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আবেদিনের পরিবারের গাড়ির চালক ছিলেন। তিনি ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও শহরতলির গনসার মোড় এলাকার মো. ইউনুছ মিয়ার মেয়ে নাদিরা আক্তার (১১) গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। গনসার মোড় এলাকায় পৌঁছালে হাবিবসহ কয়েকজন তাকে সাংসদের পরিবারের ব্যবহার করা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যান। পরে তাকে গলা কটে হত্যা করে শহরতলির বাদেকল্পা বাইপাস এলাকায় একটি ধানখেতে লাশ ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় হাবিবকে একমাত্র আসামি করে গতকাল শুক্রবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন নাদিরার বাবা ইউনুছ মিয়া।
পুলিশ ও সাংসদ আনোয়ারুল আবেদিনের সঙ্গে কথা বলে জানা যায়, হাবিব সাংসদ আনোয়ারুল আবেদিনের পরিবারের গাড়ির চালক হিসেবে তিন বছর কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে গাড়ি মেরামত করতে হবে বলে হাবিব গাড়ি নিয়ে বের হয়। সন্ধ্যার পর ময়মনসিংহের পুলিশ সুপার সাংসদকে মুঠোফোনে জানান তাঁর গাড়িচালকের বিরুদ্ধে স্কুলছাত্রী নাদিরাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সুপার হাবিবকে ধরিয়ে দিতে সাংসদের সহযোগিতা চান। সাংসদ বিষয়টি জানতে পেরে তাঁর স্ত্রীকে বলেন কৌশলে হাবিবকে বাড়িতে ডেকে আনতে। পরে হাবিব সানকিপাড়ার বাড়িতে ফেরার পথে সাংসদ পুলিশকে জানান। রাত সাড়ে নয়টার দিকে নাহা রোডের কাছাকাছি এলাকা থেকে পুলিশ হাবিবকে গ্রেপ্তার করে।
জেলা ডিবির ওসি ইমারত হোসেন গাজী বলেন, হাবিবকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হাবিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাদিরার বাবা মো. ইউনুছ মিয়া অভিযোগ করেন, হাবিব তাঁর মেয়েকে বিয়ে করতে চাইত। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় হাবিবের সঙ্গে তাঁদের সম্পর্কের অবনতি হয়। এর জের ধরেই হাবিব হত্যাকাণ্ড ঘটিয়েছেন।