ময়মনসিংহে ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ, আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনের কাছে আজ বুধবার রাতে চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষপ করেছে দুবৃর্ত্তরা। এতে মঞ্জু মিয়া (৩৫) নামে এক ফল বিক্রেতা আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢোকার সময় ট্রেনের একটি বগি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। এতে ট্রেনের যাত্রী মঞ্জু মিয়া আহত হন। পরে ট্রেনের যাত্রীরা আগুন নেভান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পেট্রলবোমার আলামত পাওয়া গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।