ময়মনসিংহে দুটি সোনার দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় গত রোববার রাতে দুটি সোনার দোকানে চুরি হয়েছে। চোরেরা ১৯৫ ভরি সোনা ও ৩ লাখ টাকা নিয়ে গেছে বলে দোকান মালিকেরা অভিযোগ করেছেন।
হাসান জুয়েলার্স ও হারুন ওয়াচ অ্যান্ড জুয়েলার্স দোকান দুটিতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ ও দোকান মালিকেরা জানান, হাসান জুয়েলার্সের পাশে একটি ঘড়ি মেরামতের দোকান আছে। চোরেরা দরজা (শাটার) ভেঙে প্রথমে ওই দোকানে ঢোকে। পরে দেয়াল ভেঙে হাসান জুয়েলার্সে চুরি করে। তারপর হাসান জুয়েলার্সের দেয়াল ভেঙে হারুন ওয়াচ অ্যান্ড জুয়েলার্সে ঢোকে চোরেরা।
হারুন ওয়াচ অ্যান্ড জুয়েলার্সের মালিক মো. তারেকুজ্জামান বলেন, তাঁর দোকান থেকে ৪৫ ভরি সোনা ও ৬০ হাজার টাকা চুরি হয়েছে। হাসান জুয়েলার্সের মালিক মোফাজ্জল হোসেনের এক আত্মীয় বলেন, ওই দোকান থেকে ১৫০ ভরি সোনা ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
ময়মনসিংহ স্বর্ণ ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারি ও অক্টোবরে একই এলাকার আলিম জুয়েলার্স ও এম হোসেন অ্যান্ড ব্রাদার্স নামের দুটি দোকানে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া ২০১৩ সালের নভেম্বরে শহরের ট্রাঙ্কপট্টি এলাকার অনিন্দ্য জুয়েলার্সেও চুরি হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাই দোকানের মালিকদের সঙ্গে কথা বলে পরে মামলা নেওয়া হবে।