ময়মনসিংহে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর এলাকার পান্দাপাড়া গ্রামে গত সোমবার রাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টধর এলাকায় ব্রক্ষপুত্র নদ থেকে বালু তোলা নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি পক্ষের সঙ্গে আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। গত সোমবার রাত নয়টার দিকে আনোয়ার বালুবোঝাই একটি ট্রাক নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে বাধা দেন। পরে আনোয়ারের পক্ষের লোকেরাও ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে পান্দাপাড়া এলাকায় আনোয়ারকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে এবং পিঠে ও পায়ে বল্লম দিয়ে খুঁচিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। এ সময় ২৫ থেকে ৩০টি বল্লম ও একটি ফালা জব্দ করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, ‘এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। তাই কার সঙ্গে আনোয়ারের বিরোধ ছিল সেটা তদন্তের স্বার্থে বলা যাবে না। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’