ময়মনসিংহে শিশু নির্যাতনকারীরা শনাক্ত, গ্রেপ্তার ৩
অবশেষে ভিডিও চিত্র দেখেই ময়মনসিংহে শিশু সাদ্দাম হোসেনকে (১২) নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তবে প্রধান অভিযোগ যার বিরুদ্ধে, সেই সফির উদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল আজিজ (৪৫), রফিকুল ইসলাম (৩৫) ও আজিজুল ইসলাম (৩৫)। গত শুক্রবার রাতে শহরের ভাটিকাশর, জে সি গুহ সড়ক ও সদর উপজেলার মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের পাটগুদাম বাস টার্মিনাল এলাকায় সাদ্দাম হোসেনকে মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে নির্মমভাবে নির্যাতন করেন কয়েকজন ব্যক্তি। ওই নির্যাতনের ঘটনার একটি ভিডিও চিত্র গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রকাশ হওয়ার পর ময়মনসিংহে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে সাদ্দামের মা পারভীন আক্তার বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।
নির্যাতনের ভিডিও চিত্র দেখে স্থানীয় লোকজন জানান, নির্যাতনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম সফির উদ্দিন ওরফে সরু। তিনি ময়মনসিংহ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। শুক্রবার পুলিশ জানিয়েছিল, ভিডিও দেখে নির্যাতনকারীদের চেনা যায়নি। তবে গতকাল শনিবার পুলিশ জানায়, ভিডিও দেখেই নির্যাতনকারীদের শনাক্ত করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, নির্যাতনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম সফির উদ্দিন। তাঁকে অচিরেই গ্রেপ্তার করা হবে।