ময়মনসিংহে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাথিয়া গ্রামে আহাম্মদ হোসেন (৪৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আহাম্মদ হোসেন পোড়াকান্দলিয়া ইউপির ছয় নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। ওই ইউনিয়নের বহরভিটা গ্রামে তাঁর বাড়ি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হকের ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে আহাম্মদ হোসেন বাড়িতে ফেরার পথে বেতগাথিয়া গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে আক্রমণ করে। তারা দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত আহাম্মদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।
নাম প্রকাশ না করে ওই এলাকার একাধিক ব্যক্তি দাবি করেন, আহাম্মদ হোসেন ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষদের প্ররোচনা দিয়ে মামলা করাতেন। তিনি গ্রামবাসীদের মধ্যে বিরোধ সৃষ্টি করতেন।
ওসি এম এ হক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহাম্মদ হোসেন গ্রামের মানুষদের মধ্যে বিরোধ সৃষ্টি করিয়ে তাঁদের মামলা করার প্ররোচনা দিতেন বলে জেনেছেন। হত্যাকারীদের আটক করতে অভিযান শুরু করবে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।