ময়মনসিংহে হামলায় এক ব্যক্তির মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামে গত বৃহস্পতিবার প্রতিপক্ষের মারধরে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসুটিয়া গ্রামের স্কুলপড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রতিবেশী এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের পেছনে হেলালের ইন্ধন থাকার অভিযোগে ওই মেয়ের বাবার সঙ্গে তাঁর (হেলাল) বিরোধ চলছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে ওই মেয়েটির পরিবারের লোকজন হেলালকে নিজেদের বাড়িতে নিয়ে মারধর করেন। এ সময় হেলালের অণ্ডকোষে আঘাত করেন মেয়েটির পরিবারের লোকজন। এরপর হেলাল গাজীপুরের শ্রীপুর উপজেলায় তাঁর এক আত্মীয়ের বাড়ি চলে যান। সেখানে গভীর রাতে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে হেলাল মারা যান।
গফরগাঁও থানার ওসি আবু ওবায়দা জানান, খবর পেয়ে হেলালের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই মেয়েটির পরিবারের লোকজন পলাতক।