ময়মনসিংহে হামলায় পরিবহন শ্রমিক ও গৃহবধূ নিহত
ময়মনিসংহে গতকাল সোমবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্বজিৎ কুণ্ডু (৪০) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া জেলার ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাইভাকুঁড়ি মহল্লায় গত রোববার রাতে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকেও ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে সাতটার দিকে শহরের রামবাবু রোড এলাকার রবীন্দ্রনাথ কুণ্ডুর ছেলে বিশ্বজিৎ বাড়ি থেকে পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে গাঙ্গিনারপাড় এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে বুকে ও কোমরে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী এনামুল হক জানান, এ ঘটনায় বিশ্বজিতের পরিবার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঈশ্বরগঞ্জের পাইভাকুঁড়ি মহল্লার অন্তত দুজন বাসিন্দা জানান, তাসলিমা ওই মহল্লার মো. আজিজুল হকের স্ত্রী। তাসলিমা তাঁর মেয়েকে নিয়ে গত রোববার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই নারী ও তাঁর পাশে থাকা মেয়ে হুমায়রার (৫) মাথায় নলকূপের হাতল দিয়ে আঘাত করে। এ সময় তাঁদের চিকিৎকারে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসে। রাতেই গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে এলাকার লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাসলিমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ওই হামলার সময় আজিজুল বাড়িতে ছিলেন না।
খবর পেয়ে গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত নলকূপের ওই হাতলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজিজুলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুরুতর আহত হুমায়রা হাসপাতালে চিকিৎসাধীন।