ময়মনসিংহে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের স্বদেশী বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের খাতায় ওই নারীর নাম আয়েশা বেগম। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ব্যবস্থাপক জাফর মিয়াকে আটক করেছে।
হোটেল কর্তৃপক্ষের দাবির বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার দুপুরে ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের পরিচয় দিয়ে নয়ন মিয়া ও তাঁর স্ত্রী আয়েশা বেগম স্বদেশী বাজার এলাকায় মতিন গেস্ট হাউস নামের একটি কক্ষ ভাড়া নেন। তাঁরা এও বলেন, আয়েশার চিকিৎসার প্রয়োজনে তাঁরা ময়মনসিংহে এসেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে কক্ষে বাইরে তালা দিয়ে নয়ন মিয়া হোটেল থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় ডাকাডাকি করলেও কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তালা ভেঙে ভেতরে ঢোকে। তখন বিছানার ওপর আয়েশার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সন্ধ্যা পর্যন্ত ভালুকার বিরুনিয়া গ্রামে ওই পরিচয়ের কোনো দম্পতিকে শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।