মরদেহ ইতালি পাঠানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের পর ১০ দিনেও খুনিদের শনাক্ত করতে পারেননি তদন্তকারী ব্যক্তিরা। এক সপ্তাহের মধ্যে তাঁর মরদেহ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ইতালীয় দূতাবাস।
সিজার তাবেলা হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সিজারের লাশ এক সপ্তাহের কম সময়ে ইতালিতে পাঠানো হবে বলে জানিয়েছে ইতালীয় দূতাবাস। ইতিমধ্যে সিজারের সুরতহাল, ময়নাতদন্তের প্রতিবেদনের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র পুলিশ ইতালীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে দিয়েছে। তাঁর লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে।
এই হত্যা মামলার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, চিহ্নিত করা সন্দেহভাজন খুনিদের শনাক্ত করতে তদন্তকারীরা সব ধরনের পন্থা অবলম্বন করছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযানও চালানো হচ্ছে। তবে গতকাল রাত পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা সন্দেহ করছেন, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি ও রাজধানীতে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। এ ক্ষেত্রে নির্দেশদাতাও একই ব্যক্তি বলে মনে হচ্ছে।
এই মামলা তদন্তে গঠিত ডিবির ১১ সদস্যের কমিটির প্রধান উপকমিশনার মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, সিজার তাবেলা হত্যায় কিছু সূত্র পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরে হত্যাকারী শনাক্ত করে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখেছেন।

আরও পড়ুন: