মরদেহ নয় দিন ধরে হিমঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় নাগরিক হত্যা
ইতালীয় নাগরিক হত্যা

ইতালির নাগরিক সিজার তাবেলার লাশ নয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে। তাঁর মরদেহের বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এই হত্যায় জড়িত দুর্বৃত্তদের গতকাল মঙ্গলবার পর্যন্ত শনাক্ত করতে পারেননি তদন্তকারীরা। এ মামলার তদন্তে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশের কর্মকর্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তরা গুলি করে সিজার তাবেলাকে হত্যা করে। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রাখা হয়েছে। গত রোববার তাঁর মরদেহ ইতালিতে নেওয়ার কথা ছিল।
সিজার তাবেলা হত্যা মামলা তদন্তে গঠিত কমিটির সদস্য পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আবদুল আহাদ গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, সিজারের মরদেহ ইতালিতে নেওয়ার বিষয়ে ইতালির দূতাবাস আজ সিদ্ধান্ত নেবে। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম বলেন, সিজারের মরদেহ মর্গের হিমঘরে রাখার পর বিষয়টি তাঁরা নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন কর্তৃপক্ষ ও ঢাকার ইতালি দূতাবাসে জানিয়েছেন।
সিজার তাবেলা আইসিসিও কো-অপারেশনের প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
এই হত্যা মামলা তদন্তে ডিবির ১১ সদস্যের তদন্ত কমিটির প্রধান ও উপকমিশনার মো. মাহবুব আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সিজার হত্যা মামলা তদন্তে এফবিআইয়ের সহায়তা চাওয়া হবে। কোন বিষয়ে সহায়তা চাওয়া হবে, সেটি নির্ধারণের পর এফবিআইকে বলা হবে।
সিজার হত্যায় জড়িত ব্যক্তিদের গতকাল পর্যন্ত শনাক্ত করতে পারেননি তদন্তকারীরা। তদন্তকারীরা বলেন, তাঁরা তিন মোটরসাইকেল আরোহীসহ সন্দেহভাজন ২০ ব্যক্তিকে চিহ্নিত করেছেন। এই সন্দেহভাজনদের শনাক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
গতকাল গুলশানের লেকশোর হোটেলে মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ইতালির একজন নাগরিক মারা গেলেন, এটা জাতির জন্য, দেশের জন্য লজ্জাজনক। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় হত্যাকারীদের ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। কারণ গুলশানের ৯০, ৮৯ ও ৮৩ নম্বর সড়কের সব সিসি ক্যামেরা প্রত্যেকের বাড়িকেন্দ্রিক। তিনি বলেন, গুলশান-বনানী এলাকার কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। বাংলাদেশকে ঝুঁকি ও চাপের মুখে ফেলতে ষড়যন্ত্র হচ্ছে।
জাপান ও ইতালির নাগরিক হত্যা এক সূত্রে গাঁথা বলে মনে করেন ডিএমপির কমিশনার।
গতকাল পুলিশ সদর দপ্তরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ইতালি ও জাপানের দুজন নাগরিক হত্যায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজার তাবেলাকে (৫০) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।

আরও পড়ুন: