মরদেহ ৪ দিন ধরে মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নাগরিক কুনিও হোশির লাশ চার দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে। কুনিওর মরদেহ নিতে আসা চার সদস্যের জাপানি প্রতিনিধিদল এখনো রংপুরেই আছে। তবে গতকাল বুধবার পর্যন্ত মরদেহ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ।
কুনিও হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে যে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দা কর্মকর্তারা। এ কথা জানিয়ে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো কিছু মন্তব্য করা সম্ভব নয়।
রিমান্ডে নেওয়া দুজন হলেন রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব এবং কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা। গত সোমবার সন্ধ্যায় তাঁদের বিচারিক হাকিম আবু তালেবের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।
গত শনিবার সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের স্থানে গতকালও পুলিশি পাহারা ছিল।

আরও পড়ুন: