মরা কুকুর নিয়ে ঝগড়া, যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে মারা যাওয়া একটি কুকুর নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়ার ঘটনায় এক যুবক সামান্য আহত হয়েছেন।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরের হালিশহরের এ ব্লকের নয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক বছর আগে বাপ্পী নামের এক ব্যক্তির কুকুর মারা যায়। এ নিয়ে গতকাল বিকেলে প্রতিবেশী মো. তুহিনের সঙ্গে তাঁর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ওই দুজনের বন্ধুবান্ধবও সেখানে জড়ো হন। এ সময় এক ব্যক্তি এলজির একটি ফাঁকা গুলি ছোড়েন। ওই গুলি পায়ে পড়লে বাপ্পীর কাছে আসা জাহিদুল হক নামের এক ব্যক্তি সামান্য আহত হন। তিনি একটি বিমা কোম্পানিতে চাকরি করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় নজির আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে।