মরা গরুর মাংস বিক্রি, কারাদণ্ড
মরা গরুর মাংস বিক্রির দায়ে যশোর শহরে তিনজনকে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার করে টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ রোববার দুপুরে যশোর শহরের পুলেরহাট মাংসের বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শক শিশির কান্তি পাল।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাংস বিক্রেতা লালন (৩২), আসলাম (২৮) ও রসুল (২৫)। তাঁদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বাজারে মরা গরু জবাই করে বিক্রি করা হচ্ছিল। এ জন্য পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী তিনজনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। খাওয়ার অনুপযোগী ওই মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।