মরা গরুর মাংস বিক্রির দায়ে তিনজনের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল রোববার তিন কসাইকে কারাদণ্ড (জেল) দেওয়া হয়েছে। মরা গরুর মাংস বিক্রি করায় তাদের ওই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো উপজেলার হামিরকুৎসা গ্রামের আকতার হোসেন (৪৫), ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আয়নাল হক (৩৮)।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কির্ণিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি মরা গরু গত শনিবার রাতে ২৫ হাজার টাকয় কেনেন স্থানীয় কসাই আকতার। সেখানেই মরা গরু জবাই করে গতকাল ভোরে একটি ভটভটিতে করে মাংস শিকদারি বাজারে নিয়ে এসে বিক্রি শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিতকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই তিন কসাইকে আটক করেন। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। তারা আদালতের কাছে অপরাধ স্বীকার করে। আকতারকে চার মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। নজরুল ও আয়নালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী হাকিম ও ইউএনও তরিকুল।