মরা গাছের নামে কাটা হচ্ছে তাজা গাছ
রাজশাহীতে সড়কের পাশের মরা গাছ কাটার নামে এবার তাজা গাছও কেটে নেওয়া হচ্ছে। নগরের শ্রীরামপুর এলাকায় কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কের পাশ থেকে গত কয়েক দিনে ৩২টি শিশুগাছ কেটে নেওয়া হয়েছে।
যাঁরা গাছ কাটছেন, তাঁরা শুরুর দিকে বলেছিলেন, তাঁরা মরা গাছ কাটছেন। এবার তাঁরা তাজা গাছও কাটছেন। এখন তাঁরা বলছেন, রাস্তা সম্প্রসারণ করা হবে। তাই তাজা গাছও কাটতে হবে।
এর আগেও রাজশাহী নগরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও গ্রেটার রোড এলাকা থেকে একইভাবে গাছ কেটে নেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে গাছ কাটা হলেও কখনোই বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। অথচ বন বিভাগের ভাষ্য অনুযায়ী, তাদের অনুমতি ছাড়া কেউ গাছ কাটতে পারবে না।
চলতি মাসের শুরুর দিকে কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কের পাশ থেকে কয়েকটি মরা গাছ কেটে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ওই সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দক্ষিণ পাশের তাজা গাছ কেটে সিটি করপোরেশনের গাড়িতে তোলা হচ্ছে। সেখানে সিটি করপোরেশনের একজন লোক গাছ কাটার বিষয়টি তত্ত্বাবধান করছিলেন। কেন তাজা গাছ কাটা হচ্ছে, এর জবাবে তিনি শুধু বললেন, দক্ষিণ দিকে রাস্তা সম্প্রসারণ করা হবে। কিন্তু দক্ষিণ দিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক রয়েছে। তাহলে কোথায় সম্প্রসারণ করা হবে, জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।
সড়ক এলাকা ঘুরে দেখা গেছে, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের গেটের সামনে থেকে পূর্ব দিকে কেন্দ্রীয় কারাগারের শেষ সীমানা পর্যন্ত ৩২টি গাছ কাটা হয়েছে। এলাকার লোকজন জানান, কাটা গাছের মধ্যে মাত্র চার-পাঁচটি গাছ মরা ছিল।
গতকাল দুপুরের পর আবার ওই সড়কে গিয়ে দেখা যায়, করাত দিয়ে কাটা গাছের গোড়াগুলোর চার পাশের মাটি সরিয়ে গোড়া তুলে ফেলা হচ্ছে। মাটি দিয়ে আবার খোঁড়া জায়গা এমনভাবে ভরাট করে দেওয়া হচ্ছে, যাতে গাছ ছিল সেটা বোঝা না যায়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, কয়েকটি শুকনা গাছ ছিল তাই কাটা হচ্ছে। তাজা গাছই কাটা হচ্ছে—বিষয়টি তাঁর নজরে আনলে তিনি বলেন, তাহলে বোধ হয় ভুল করে কেটেছে। দক্ষিণ পাশে রাস্তা সম্প্রসারণ করা হবে কি না, জানতে চাইলে তিনি আর কথা বলতে চাননি।
এর আগে গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে নগরের ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপরের শিশুগাছগুলো কেটে নেওয়া হয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী গাছগুলো কেটে নেন। সে সময় আরমান আলী বলেছিলেন, ১৫টি গাছ দরপত্র করেই কাটা হচ্ছে। কিন্তু যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের সচিব মাসুদুজ্জামান এ ব্যাপারে কিছুই বলতে পারেননি।
গত জুলাই মাসে নগরের গ্রেটার রোড এলাকায় নগর ভবনের সামনে থেকে সিঅ্যান্ডবির মোড় পর্যন্ত এলাকার সড়ক বিভাজনের সিংহভাগ গাছ কেটে নেওয়া হয়। তখনো গাছ কাটার জন্য বন বিভাগ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তখন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বলেছিলেন, এলোমেলোভাবে বেড়ে উঠা গাছ কেটে নতুন করে কাঠকরবীর গাছ লাগানো হবে। ওই গাছ অনেক বেশি পরিমাণে অক্সিজেন ছাড়ে।
এবারের গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র জানান, তাঁর কাছ থেকে ওই সড়কের গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি।