মরা মুরগি বিক্রি, দুজনের দণ্ড
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মরা মুরগি বিক্রির অপরাধে মালিক ও কর্মচারীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার এই আদালত পরিচালনা করেন।
পুলিশ জানায়, মুরগির দোকানের মালিক রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের রেজাউল করিমকে (৩০) ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর কর্মচারী চান্দাইকোনা ইউনিয়নের মোজাফ্ফরপুর গ্রামের নজরুল ইসলামকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজারের রেজাউল করিমের দোকানে মরা মুরগি বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটি থেকে ১৪টি মরা মুরগি উদ্ধার করা হয়। মরা মুরগিগুলো তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়।
পরে আদালত ওই দুজনের বিরুদ্ধে দণ্ডাদেশ দেন। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, আদালত দণ্ডাদেশ দেওয়ার পর দুজনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।