মরা মুরগির মাংস বিক্রির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌর বাজারে বড় জাতের ব্রয়লার ও প্যারেন্ট মুরগির মাংসের সঙ্গে মরা মুরগির মাংস বিক্রির করার অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে মুরগি বিক্রেতাদের একজন মরা মুরগির মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলার সিও বাসস্ট্যান্ড এলাকার পৌর বাজারে বড় জাতের ব্রয়লার ও প্যারেন্ট মুরগির মাংস বিক্রি হয়। এর মধ্যে আমজাদ হোসেন নামের এক মুরগি বিক্রেতা রোববার কয়েকটি মরা মুরগি পরিষ্কার করে রাখেন। পরে একজন ক্রেতা মাংস নিতে এলে ওই বিক্রেতা ভালো মুরগির সঙ্গে মরা মুরগির মাংসও বিক্রির চেষ্টা চালান। এ সময় স্থানীয় মুরগি ব্যবসায়ীরা বাধা দেন। পরে স্থানীয় কয়েকজনের কাছে আর্থিক দণ্ড দিয়ে পার পান আমজাদ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মুরগি বিক্রেতা বলেন, সুযোগ পেলেই বাজারদর না মেনে কম দামে মাংস বিক্রি করেন আমজাদ।
আমজাদ হোসেন জানান, বাজারে তাঁর বেচাকেনা বেশি হওয়ায় কয়েকজন ব্যবসায়ী শত্রুতা করে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন।