মরিচখেতে মিলল ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হ্নীলার রঙ্গিখালী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে আজ সোমবার দুপুরে টেকনাফ মডেল থানায় বিষয়টি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরা হয়। ছবি: প্রথম আলো।
কক্সবাজারের টেকনাফের হ্নীলার রঙ্গিখালী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে আজ সোমবার দুপুরে টেকনাফ মডেল থানায় বিষয়টি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরা হয়। ছবি: প্রথম আলো।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মরিচখেতের মাটি খুঁড়ে ইয়াবাভর্তি চারটি বস্তা পাওয়া গেছে। গণনা করে দেখা যায়, এসব বস্তায় ইয়াবার পরিমাণ ১ লাখ ৪০ হাজার। পুলিশের ভাষ্য, এগুলোর মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজ সোমবার বেলা দেড়টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার করে এনে মজুত করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল রঙ্গিখালী গ্রামের অভিযানে যায়। এ সময় পুলিশ দেখে সন্দেহভাজন দুজন লোক দৌড়ে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচখেতে তল্লাশি চালালে নতুন করে মাটি খোঁড়া হয়েছে—এমন একটি স্থান দেখতে পায়। সন্দেহ হলে ওই স্থানের মাটি খুঁড়ে চারটি ছোট আকারের বস্তা উদ্ধার করা হয়। এগুলোতে ইয়াবা ছিল। ওই মরিচখেতের মালিক হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল হোসেন।

ওসি মো. মাইন উদ্দিন খান আরও বলেন, এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেনের পরিবারের সদস্যরা জড়িত বলে প্রাথমিকভাবে অনেক তথ্য পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা ব্যবসায়ীর তালিকায় জামাল হোসেনের নামও রয়েছে। এরপরও অনুসন্ধান করা হচ্ছে, পালিয়ে যাওয়া দুজন ইউপি সদস্য জামাল হোসেনের দুই ছেলে শাহ আজম ও শাহ নেওয়াজ। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য জামাল হোসেনকে ফোন দেওয়া হলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।