মরিচের গুঁড়া ছিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আসামির পরিবারের নারী সদস্যরা এই কাণ্ড ঘটান। অভিযানে পুলিশের সঙ্গে থাকা তিন আনসার সদস্যের চোখে মরিচের গুঁড়া লাগে। পরে তাঁরা হাসপাতালে চিকিৎসা নেন।

আসামির নাম মো. মিজান ওরফে জামাই মিজান (৩৮)। তাঁকে ১৫টি ইয়াবা বড়িসহ বাড়ি থেকে আটক করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী। তিনি বলেন, আসামিকে গাড়িতে তোলার সময় মরিচের গুঁড়া ছিটানো হয়। এ সময় তিন আনসার সদস্য আক্রান্ত হওয়ার পরও মিজানকে দ্রুত গাড়িতে তুলে ওই স্থান ত্যাগ করে পুলিশ।

ওসি বলেন, মিজানের বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। এর একটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ইয়াবা জব্দের মামলায় আরও একটি মামলা হয়েছে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।